দারুণ একটি ব্যবসায়িক আইডিয়া, সুন্দর একটি লোগো আর একটি গোছানো ফেসবুক পেজ—ব্যবসা শুরুর প্রথম ধাপে এই বিষয়গুলো যতটা রোমাঞ্চকর মনে হয়, আইনি কাগজপত্রের প্রসঙ্গ ঠিক ততটাই ভীতিকর হয়ে ওঠে অনেকের কাছে। “কোথায় যাবো?”, “কী কী কাগজ লাগবে?”, “দালাল ছাড়া কি কাজ হবে?”—এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খায় নতুন উদ্যোক্তাদের মনে।
কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসার প্রাথমিক কাগজপত্র গুছিয়ে নেওয়া এখন আগের চেয়ে অনেক বেশি সহজ এবং অনেকটাই ডিজিটাল। আপনার স্বপ্নের ব্যবসাকে আইনিভাবে শতভাগ নিরাপদ রাখতে কোন কোন ডকুমেন্টস লাগবে, তার একটি সহজ চেকলিস্ট নিয়ে সাজানো হয়েছে এই লিখাটি।
১. ট্রেড লাইসেন্স (Trade License):
ট্রেড লাইসেন্সকে ব্যবসার প্রথম পাসপোর্ট বলা হয়ে থাকে। যেকোনো ব্যবসার প্রথম এবং প্রধান আইনি স্বীকৃতি হলো ট্রেড লাইসেন্স। এটি ছাড়া আপনার ব্যবসার কোনো বৈধ অস্তিত্ব নেই।
- কোথা থেকে পাবেন: আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যে এলাকায় অবস্থিত, সেখানকার স্থানীয় সরকার কর্তৃপক্ষ এটি ইস্যু করে। ঢাকা বা বড় শহরের ক্ষেত্রে সিটি কর্পোরেশন, জেলা শহরের ক্ষেত্রে পৌরসভা এবং গ্রামের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে এটি সংগ্রহ করতে হয়।
- কী কী লাগবে: আবেদনপত্রের সাথে মূলত আপনার জাতীয় পরিচয়পত্র (NID), ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, এবং ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানার প্রমাণপত্র (ভাড়ার চুক্তিপত্র বা নিজস্ব জায়গা হলে ইউটিলিটি বিলের কপি) জমা দিতে হয়। ব্যবসার ধরন অনুযায়ী ফি-র পরিমাণ ভিন্ন হয়।
২. ই-টিআইএন (e-TIN):
ই-টিআইএন যা করদাতার শনাক্তকরণ নম্বর হিসেবেও পরিচিত। ব্যবসা থেকে আয় করলে সরকারকে ট্যাক্স দিতে হবে, এটাই স্বাভাবিক নিয়ম। আর এই ট্যাক্স বা কর দেওয়ার জন্য আপনার একটি ‘ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার’ বা টিআইএন (TIN) থাকা বাধ্যতামূলক।
- কোথা থেকে পাবেন: জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) ওয়েবসাইট থেকে ঘরে বসেই সম্পূর্ণ ফ্রিতে মাত্র ৫ মিনিটে ই-টিআইএন খুলে নেওয়া যায়।
- কী কী লাগবে: আপনার নিজের বা কোম্পানির নাম, জাতীয় পরিচয়পত্র (NID) এবং একটি সচল মোবাইল নম্বর। মনে রাখবেন, লিমিটেড কোম্পানি হলে কোম্পানির নামে আলাদা টিআইএন করতে হয়, আর একমালিকানা (Sole Proprietorship) ব্যবসার ক্ষেত্রে উদ্যোক্তার ব্যক্তিগত টিআইএন দিয়েই কাজ চলে যায়।
৩. বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট (Current Account)
ব্যবসার টাকা আর নিজের পকেটের টাকা এক করে ফেলা নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বড় ভুল। আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে এবং ক্লায়েন্টের আস্থা অর্জন করতে একটি কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকা ভীষণ জরুরি।
- কী কী লাগবে: ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে আপনার ট্রেড লাইসেন্স, ই-টিআইএন, ছবি, নমিনির ছবি এবং ব্যবসার একটি সিলমোহর (Seal) প্রয়োজন হবে। লিমিটেড কোম্পানি হলে বোর্ড রেজুলেশন এবং মেমোরেন্ডামের কপিও লাগে।
৪. বিন বা ভ্যাট রেজিস্ট্রেশন (BIN / VAT Certificate)
আপনার ব্যবসার বার্ষিক টার্নওভার (মোট বিক্রি) যদি নির্দিষ্ট সীমার ওপরে হয় অথবা আপনি যদি আমদানি-রপ্তানি ব্যবসার সাথে জড়িত থাকেন, তবে ‘বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার’ (BIN) বা ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
- কোথা থেকে পাবেন: এখন অনলাইনে এনবিআর-এর ভ্যাট পোর্টাল থেকে সহজেই ভ্যাট রেজিস্ট্রেশন বা টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন করা যায়।
- কী কী লাগবে: ট্রেড লাইসেন্স, টিআইএন, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং ব্যবসার ঠিকানার প্রমাণপত্র।
৫. কোম্পানি রেজিস্ট্রেশন (RJSC) – (প্রয়োজন সাপেক্ষে)
আপনি যদি একা ব্যবসা না করে কয়েকজন পার্টনার মিলে একটি ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’ বা ‘পার্টনারশিপ ফার্ম’ গঠন করতে চান, তবে ‘জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস’ (RJSC) থেকে রেজিস্ট্রেশন নিতে হবে। বড় ফান্ডিং বা ইনভেস্টমেন্ট তোলার জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়াটা প্রায় বাধ্যতামূলক।
- কী কী লাগবে: নামের ছাড়পত্র (Name Clearance), মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন (MoA) এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন (AoA)। এই ধাপটি কিছুটা আইনি ও জটিল হওয়ায় একজন প্রফেশনাল ল-ইয়ার বা কনসালট্যান্টের সাহায্য নেওয়া বুদ্ধিমানের কাজ।
৬. ব্যবসার ধরন অনুযায়ী অন্যান্য লাইসেন্স
সব ব্যবসার জন্য সব লাইসেন্স লাগে না। তবে আপনার পণ্যের বা সেবার ধরনের ওপর ভিত্তি করে কিছু বিশেষ লাইসেন্স লাগতে পারে। যেমন:
- ফায়ার লাইসেন্স: কারখানা, রেস্টুরেন্ট বা বড় গুদাম থাকলে ফায়ার সার্ভিস থেকে এটি নিতে হয়।
- বিএসটিআই (BSTI) অনুমোদন: খাদ্যপণ্য, প্রসাধন সামগ্রী বা নির্দিষ্ট কিছু ভোগ্যপণ্য উৎপাদনের ক্ষেত্রে গুণগত মানের ছাড়পত্র।
- আইআরসি ও ইআরসি (IRC & ERC): আমদানি ও রপ্তানি ব্যবসার সাথে যুক্ত হলে এই ইমপোর্ট ও এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাধ্যতামূলক।
- পরিবেশ ছাড়পত্র: শিল্প কারখানা বা পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে এমন ব্যবসার ক্ষেত্রে।
শেষ কথা কাগজপত্র গোছানোর কাজটিকে অনেকে ঝামেলার মনে করলেও, এটি আসলে আপনার ব্যবসার রক্ষাকবচ। সঠিক কাগজপত্র থাকলে ব্যাংক লোন পাওয়া থেকে শুরু করে বড় কর্পোরেট ক্লায়েন্টের সাথে ডিল করা—সবকিছুই সহজ হয়ে যায়। তাই কালকের জন্য ফেলে না রেখে, আজই চেকলিস্ট মিলিয়ে আপনার ব্যবসার প্রয়োজনীয় লিগ্যাল ডকুমেন্টসগুলো গুছিয়ে নেওয়ার কাজ শুরু করুন।
